প্রিন্ট এর তারিখঃ Feb 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 February 2026, 10:09 ইং
"জনগণের ট্যাক্সে চলি, জবাবদিহিতা আমাদের নৈতিক দায়িত্ব: মির্জা ফখরুল"

স্টাফ রিপোর্টার :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার একটি বিধ্বস্ত অর্থনীতি ও বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থার ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, সরকারি কর্মকর্তারা জনগণের ট্যাক্সের টাকায় চলেন, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বিভাগের সার্বিক কার্যক্রমের ওপর বিস্তারিত উপস্থাপনা পেশ করেন।
একটি সফল রাষ্ট্র বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, "ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিনটি স্তর একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভিন্নমত ও বিভেদ ভুলে একটি টিম হিসেবে কাজ করতে পারলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।" তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মূল লক্ষ্য হলো জনগণের আস্থা পুনরুদ্ধার করা।
মির্জা ফখরুল বলেন, গ্রামের মানুষের কষ্ট কোনো আবেগ নয়, বরং এক বাস্তব সামাজিক সত্য। তাদের দুঃখ লাঘব করা রাষ্ট্র ও সচেতন নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি জানান, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করে জনগণের শান্তি-নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। তাই দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, "নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এগুলো জনগণের সঙ্গে করা আমাদের সামাজিক চুক্তি। মানুষের জন্য নিরাপদ ও ন্যায়ভিত্তিক পরিবেশ তৈরিতে এই মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
সভায় বক্তারা একমত পোষণ করেন যে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিলেই কল্যাণমুখী ও টেকসই রাষ্ট্র গঠন সম্ভব হবে। পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হিসেবে এই মন্ত্রণালয়কে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ